আন্তর্জাতিক, আমেরিকা
হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ যুবক আটক, ট্রাম্পকে হত্যার হুমকি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির সিক্রেট সার্ভিস। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের কাছে একটি গাড়ি থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ তাকে আটক করা হয়। ওই ব্যক্তি দাবি করেছেন, মাথার ভেতর থেকে ভেসে আসা কণ্ঠস্বর তাকে ট্রাম্পকে হত্যা করার নির্দেশ দিচ্ছিল।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের কাছে পার্ক করা একটি গাড়িতে সন্দেহজনক আচরণ করতে দেখা যায় ওই ব্যক্তিকে। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তার কাছে গেলে তিনি নিজের মাথার ভেতর কণ্ঠস্বর শোনার কথা জানান। ওই কণ্ঠস্বর তাকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে গিয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নির্দেশ দিচ্ছিল বলে জানান তিনি।
কর্মকর্তারা পরে দেখতে পান, ওই গাড়িটি চুরির অভিযোগে নথিভুক্ত। গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও কয়েক ডজন গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম রনি ইয়োরড্রিক্স গুয়ানিপা ক্রিনোস। তিনি ভেনেজুয়েলার নাগরিক এবং যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। ২০২৪ সালের মার্চে টেক্সাস হয়ে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসের হেফাজতে রয়েছেন।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের তৎপরতায় হোয়াইট হাউসের কাছে তিনটি আগ্নেয়াস্ত্রসহ ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে। এতে বড় ধরনের বিপদ এড়ানো গেছে।
সূত্র: এপি
ডিবিসি/এসএফএল