ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি

রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে র‍্যালি করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা।


র‍্যালি শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।


র‍্যালিটি প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।


র‍্যালি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ প্রস্তুতি নেয় দলটি। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করেন বিএনপির স্বেচ্ছাসেবকেরা। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও শনিবার র‍্যালি করেছে বিএনপি। আগামী ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে র‍্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন