ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের ঘটনা

পার্কিংয়ের জায়গায় গাড়ি রাখা নিয়ে বিরোধে সিঙ্গাপুরফেরত ব্যক্তিকে গুলি করে হত্যা

পার্কিংয়ের জায়গায় গাড়ি রাখা নিয়ে বিরোধে সিঙ্গাপুরফেরত ব্যক্তিকে গুলি করে হত্যা
ভারতের ঘটনা

পার্কিংয়ের জায়গায় গাড়ি রাখা নিয়ে বিরোধে সিঙ্গাপুরফেরত ব্যক্তিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

সিঙ্গাপুর থেকে ভাতিজার বিয়েতে যোগ দিতে দেশে ফিরেছিলেন পরমজিৎ ধনখর। পার্কিংয়ের জায়গা ও পোষা কুকুর নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে প্রাণ গেল তার।

ভারতের হরিয়ানার ফরিদাবাদে পার্কিং নিয়ে বিরোধের জেরে পরমজিৎ ধনখর নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন তার প্রতিবেশী। শুক্রবার রাতে বহুতল ভবনের পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রতিবেশী মোহন ওরফে মনু শর্মার ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান পরমজিৎ। পুলিশ জানিয়েছে, তাকে লক্ষ্য করে প্রায় ১৫টি গুলি ছোড়া হয়। এর মধ্যে নয়টি গুলি তার শরীরে লাগে।


পরমজিৎ ভারতের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রার এশিয়া অঞ্চলের কার্যক্রমের দায়িত্বে ছিলেন। বর্তমানে ভিয়েতনামভিত্তিক একটি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গেছে। কাজের সূত্রে সিঙ্গাপুরে বসবাস করলেও ভাতিজার বিয়েতে যোগ দিতে দুই দিন আগে ফরিদাবাদে ফিরেছিলেন তিনি। আগামী ২৪ নভেম্বর ওই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।


পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে জিম থেকে ফিরে নিজের নির্ধারিত পার্কিংয়ের জায়গায় মনু শর্মার গাড়ি দেখতে পান পরমজিৎ। গাড়িটি সরিয়ে নিতে বললে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লাইসেন্স করা পিস্তল নিয়ে এসে পরমজিতের ওপর গুলি চালান মনু।


পুলিশের তদন্তে জানা গেছে, দুই পরিবারের মধ্যে কয়েক দিন ধরেই বিরোধ চলছিল। অভিযুক্তের ছেলে পোষা কুকুর নিয়ে ভবনের পার্কিং এলাকায় আসত। সেখানে কুকুরের মলত্যাগ নিয়ে পরমজিতের ছেলে সূর্যের সঙ্গে তাদের কয়েকবার ঝগড়া হয়। হত্যাকাণ্ডের পাঁচ দিন আগেও এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল।


ঘটনার পর স্ত্রী-সন্তানসহ পালিয়ে যান অভিযুক্ত। তাকে গ্রেপ্তারে পুলিশ ও অপরাধ দমন শাখার একাধিক দল অভিযান চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন