আন্তর্জাতিক, ভারত
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলেকে আড়াই কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন এক ব্যবসায়ী বাবা। ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে এই বিশেষ উপহার দিয়েছেন সামসুদ্দিন মিদ্যা। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব বর্ধমানের গলসির পারাজ এলাকার বাসিন্দা সামসুদ্দিন মিদ্যা। তার ছেলে মুহম্মদ তালহা নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করেছে। ছেলের এই সাফল্য স্মরণীয় করে রাখতে তার পছন্দের বিএমডব্লিউ এম৪ কমপিটিশন গাড়িটি কিনে দেন তিনি। গাড়িটি কিনতে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন সামসুদ্দিন। গাড়িটি কিনতে তিনি মুম্বাইয়ে গিয়েছিলেন।
বিলাসবহুল গাড়ির প্রতি সামসুদ্দিনের আগে থেকেই বিশেষ আগ্রহ রয়েছে। তার সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুন্দাই আলকাজারের মতো গাড়ি। এবার সেই সংগ্রহে যুক্ত হলো বিএমডব্লিউ এম৪ কমপিটিশন।
গাড়ির নম্বরের ক্ষেত্রেও তার বিশেষ পছন্দ রয়েছে। তার একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ৫৫৫, যা বলিউড অভিনেতা শাহরুখ খানের গাড়ির নম্বরের সঙ্গেও মিলে যায়।
অন্যদিকে, তালহা জানিয়েছে, আপাতত পড়াশোনায় মনোযোগ দিতে চায় সে। সপ্তাহে একদিন বাবার সঙ্গে গাড়িতে ঘুরবে। সেদিন গাড়ি চালাবেন বাবা, আর সে পাশে বসে আনন্দ উপভোগ করবে।
ডিবিসি/এসএফএল