সারা বাংলা
বিড়াল বাঁচাতে গিয়ে ভ্যান উল্টে কুয়াকাটায় নারী চিকিৎসকের মৃত্যু

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক চিকিৎসক আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রিপাড়া বৌদ্ধবিহার এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডা. নাবিলা নুসরাত ৪২তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পেয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহত ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং তিনি নিহত নাবিলার স্বামী বলে জানিয়েছেন।
আহত ডা. মাইনুল ইসলাম শুভ জানান, শুক্রবার ঢাকা থেকে কুয়াকাটায় এসে তাঁরা ওশান ভিউ হোটেলে ওঠেন। শনিবার বিকেলে একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে মিশ্রিপাড়া বৌদ্ধবিহার দেখতে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটি বিড়াল ভ্যানের চাকার নিচে চলে এলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি উল্টে গিয়ে দুই চিকিৎসকসহ চার পর্যটক ছিটকে পড়েন।
দুর্ঘটনায় নাবিলা নুসরাতের মাথা উল্টে যাওয়া ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে তুলাতলী হাসপাতালে এবং পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ইসিজি পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে আনার আগেই দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে স্বামী বলে পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।