ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

তিন দিনের সফরে কাল বাংলাদেশে আসছেন এডিনবার্গের ডাচেস

তিন দিনের সফরে কাল বাংলাদেশে আসছেন এডিনবার্গের ডাচেস

জাতীয়

তিন দিনের সফরে কাল বাংলাদেশে আসছেন এডিনবার্গের ডাচেস

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে আগামী সোমবার (৯ নভেম্বর) তিন দিনের এক সফরে বাংলাদেশে আসছেন এডিনবার্গের ডাচেস। আগামী ১১ নভেম্বর পর্যন্ত চলা তাঁর এই সফরে মূলত নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা, ক্ষমতায়ন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সর্বাধিক গুরুত্ব পাবে। সফরকালে তিনি বিভিন্ন সম্প্রদায় ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শক্তি ও বিস্তৃতি তুলে ধরবেন।

ঢাকায় অবস্থানকালে এডিনবার্গের ডাচেস বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তাঁদের মধ্যে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা ও ক্ষমতায়নসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি, বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি তরুণদের সঙ্গে সময় কাটাবেন এবং শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়ন ইস্যুতে উৎসাহ জোগাবেন।

 

সফরের অংশ হিসেবে ডাচেস বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন। সেখানে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জানবেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরবেন। এছাড়াও নারী ও কন্যাশিশুদের জন্য নতুন সুযোগ তৈরিতে খেলাধুলার ইতিবাচক দিকগুলো সামনে আনতে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করবেন এবং নারী হকি খেলোয়াড়সহ তরুণ অ্যাথলিটদের সঙ্গে মতবিনিময় করবেন।

 

ঢাকার কর্মসূচি শেষে তিনি কক্সবাজার সফর করবেন। সেখানে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং নারী ও শিশুদের পুনর্বাসন, সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করতে নেওয়া উদ্যোগগুলো তাঁর নজরে আসবে। এসব কার্যক্রমের মধ্য দিয়ে রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টাগুলো তাঁর এই সফরে বিশেষভাবে মূল্যায়িত হবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন