রাজনীতি
শেখ হাসিনাকে ফেরানোতে ইমোশনের বিষয় নেই, আইনটাকে প্রয়োগ করব: আইনমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার আবেগ নয়, বরং সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা করণীয়, সরকার যথাযথ প্রক্রিয়ার (ডিউ প্রসেস) মাধ্যমেই তা সম্পন্ন করছে এবং আইন প্রয়োগের ক্ষেত্রে এখানে আবেগের কোনো স্থান নেই।
রবিবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে আয়োজিত ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানও উপস্থিত ছিলেন।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের আদালতে কোনো আইনি লড়াই করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বিষয়টিকে সম্পূর্ণভাবে ভারত সরকারের এখতিয়ার বলে উল্লেখ করেন। তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে এবং ভারত তাঁকে হস্তান্তর করলে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাঁকে সোপর্দ করা হবে।
ভারতে শেখ হাসিনা বন্দী হিসেবে নয়, বরং ‘রাষ্ট্রীয় অতিথি’ হিসেবে অবস্থান করছেন, এমন প্রসঙ্গের জবাবে মন্ত্রী তাঁর কড়া অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ভারত সরকার তাঁকে কী হিসেবে বিবেচনা করছে সেটি বড় বিষয় নয়; বরং বাংলাদেশের উন্মুক্ত আদালতে বিচার হওয়া এবং ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী হিসেবেই তিনি সরকারের কাছে বিবেচিত।
ডিবিসি/এফএইচআর