সারা বাংলা
প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালাল মাদক কারবারি, ৪ ঘণ্টা পর ফের গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফসহ পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক মাদক কারবারিকে চার ঘণ্টার ব্যবধানে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ইয়াসিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ফকিরহাট সংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন দেশীয় তৈরি মদসহ ইয়াসিনকে আটক করেন পুলিশ ফাঁড়ির সদস্যরা। ফাঁড়িতে নিয়ে যাওয়ার সময় তিনি প্রস্রাব করার কথা বলেন। একপর্যায়ে পুলিশের নজর এড়িয়ে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই দ্রুত পালিয়ে যান তিনি।
হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ফাঁড়ির পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে ধরতে আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। টানা চার ঘণ্টা অভিযানের পর রাত ৮টার দিকে ইয়াসিনকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, চার গ্যালন মদসহ এক আসামিকে আটক করা হয়েছিল।
তিনি প্রস্রাব করার অজুহাতে কৌশলে পালিয়ে গিয়েছিলেন। তবে পুলিশের তৎপরতায় রাতেই তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।