আন্তর্জাতিক, পাকিস্তান
পাকিস্তানে রেস্তোরাঁয় মানুষের বদলে খাবার পরিবেশন করছে রোবট

পাকিস্তানের করাচির একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশনের দায়িত্ব পালন করছে রোবট। মানুষের মতো দেখতে এসব রোবট গ্রাহকদের টেবিলে খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি নিজেদের পরিচয়ও দিচ্ছে। পাকিস্তানের স্থানীয় প্রযুক্তিতে তৈরি এই রোবটগুলো ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
দেশটির বন্দরনগরী করাচির ‘দ্য সিসিলিয়ান’ রেস্তোরাঁয় কাজ করছে রোবট ওয়েটার ‘রোবিয়া’ ও ‘জোজো’। এগুলো তৈরি করেছেন পাকিস্তানি প্রকৌশলী সৈয়দ ওসামা আজিজ। তার প্রতিষ্ঠিত রোবোটিকস কোম্পানি ‘কোবট’-এর মাধ্যমে বন্ধুদের সহযোগিতায় রোবট দুটি তৈরি করা হয়েছে। অধিকাংশ যন্ত্রাংশ স্থানীয়ভাবে সংগ্রহ করা হলেও কিছু ইলেকট্রনিক উপকরণ বিদেশ থেকে আমদানি করতে হয়েছে।
রোবটগুলোর মাথা গোলাকার, চোখে লাল এলইডি বাতি এবং মাথায় মোটরসাইকেলের হেলমেটের মতো কালো আবরণ রয়েছে। পাশাপাশি পোশাকের সঙ্গে যুক্ত করা হয়েছে দক্ষিণ এশীয় নারীদের ঐতিহ্যবাহী ওড়না বা দোপাট্টার আদলে কালো কাপড়।
বর্তমানে রোবটগুলো খাবার বহন করে টেবিলে পৌঁছে দিতে পারে। তবে পরিবেশনের ট্রে থেকে খাবার নামিয়ে নিতে হয় গ্রাহকদেরই, অথবা সহায়তা করেন রেস্তোরাঁর কর্মীরা।
আজিজ ভবিষ্যতে রোবটগুলোতে ক্যামেরা ও ছবি বিশ্লেষণের প্রযুক্তি যুক্ত করতে চান। এতে গ্রাহককে চিনতে পারা, আগের অর্ডার মনে রাখা এবং পছন্দ অনুযায়ী খাবারের পরামর্শ দেওয়ার সক্ষমতা তৈরি হবে।
রোবট দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসায় রেস্তোরাঁটির ব্যবসাও বেড়েছে। বিশেষ করে শিশুদের কাছে রোবট দুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ডিবিসি/এসএফএল