সারা বাংলা
কৃষির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: হুইপ দুলু

বর্তমান সরকারকে কৃষিবান্ধব উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি খাতের উন্নয়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কারণ, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে নবনির্মিত ‘ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
হুইপ দুলু বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই তারেক রহমান কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দিয়েছিলেন এবং ইতোমধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। কৃষকদের উৎসাহিত করতে এবং তাদের জীবনমানের উন্নয়নে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি আরও বলেন, কৃষকদের টিকিয়ে রাখতে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি সারের সংকট দূর করতে প্রতিটি ইউনিয়নে ডিলারের সংখ্যা বাড়ানো হয়েছে। কৃষকদের যেন সারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে না হয়, সেজন্য ভবিষ্যতে ডিলারের সংখ্যা আরও বাড়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আকতার, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা এবং ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ বাস্তবায়নে আয়োজিত জেলা ও উপজেলা কমিটির সম্মেলন ও প্রচারাভিযান অনুষ্ঠানে অংশ নেন হুইপ দুলু।
ডিবিসি/এমকেএ