সারা বাংলা
রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার পলাতক আসামি ‘বলি আমিন’ গ্রেপ্তার

রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত পলাতক আসামি খায়রুল আমিন ওরফে বলি আমিনকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
রোববার (৮ নভেম্বর) দুপুরের দিকে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের নাগরিক বলি আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার খায়রুল আমিন উখিয়ার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ডি-৪ ব্লকের বাসিন্দা নূর হোসেন ওরফে মোস্তাফিজুর রহমানের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি একজন চিহ্নিত অপরাধী এবং রোহিঙ্গা আশ্রয়শিবির ও সীমান্তবর্তী এলাকায় মাদক, অস্ত্র ও মানবপাচার নিয়ন্ত্রণ করেন।
এসআরবি জানায়, উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় খায়রুল আমিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, মানবপাচার এবং পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া মাদক ও দস্যুতার মামলায় আদালত তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তার আসামিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিবিসি/ এমকেএ