আন্তর্জাতিক
৪ প্রদেশ ভেঙে ১২ প্রদেশ করার কথা ভাবছে পাকিস্তান

পাকিস্তানের প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাতে এবং নতুন প্রদেশ গঠনে জোরালো সমর্থন জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শিয়ালকোটের এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রশাসনিক ভিত্তি ঠিক থাকলে প্রয়োজনে ১২টি নতুন প্রদেশ গঠন করার কথা বিবেচনা করা যেতে পারে।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘যদি ১২টি প্রদেশ গঠনের কোনো প্রস্তাব থাকে, তবে তা তৈরি করুন, তবে সেগুলো যেন ভাষা, জাতিগত পরিচয় বা রাজনৈতিক স্বার্থের ভিত্তিতে তৈরি করা না হয়।’ তার মতে, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কার্যকর সুশাসন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ছোট প্রশাসনিক ইউনিট বা একক গঠন অত্যন্ত জরুরি।
তিনি আরও উল্লেখ করেন যে, ক্ষমতা শুধু লাহোর, করাচি, কোয়েটা বা পেশোয়ারের মতো প্রাদেশিক রাজধানীগুলোতে কুক্ষিগত থাকা উচিত নয়, বরং তা আরও বিকেন্দ্রীকরণ করা দরকার। বর্তমান আর্থিক ব্যবস্থার সমালোচনা করে তিনি জানান, কেন্দ্র থেকে পাঠানো তহবিল প্রাদেশিক সরকারের মর্জির ওপর নির্ভর করে, যার মূল সুফল স্থানীয় সরকারগুলোর পাওয়ার কথা থাকলেও তারা উল্টো প্রাদেশিক কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
রাজনীতিবিদদের মনোভাব বদলানোর আহ্বান জানিয়ে খাজা আসিফ বলেন, ‘আমরা রাজনীতিবিদরাই সব ক্ষমতা নিজেদের হাতে রাখতে চাই।’ এ সময় ক্ষমতার অপব্যবহার না করে জনগণের আমানত হিসেবে তা সঠিক ব্যবহারের ওপর জোর দেন তিনি।
উল্লেখ্য, পাকিস্তানজুড়ে প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে নতুন ১২টি প্রদেশ করার একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য এই ব্যবস্থার অধীনে পাঞ্জাবকে চারটি, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানকে তিনটি করে এবং সিন্ধুকে দুটি প্রদেশে ভাগ করার কথা ভাবা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বিষয়টি পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
সূত্র: জিও নিউজ
ডিবিসি/এসভিএন