ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৪

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৪

সারা বাংলা

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৪

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার হারবাং স্টেশন এবং উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক (ইনচার্জ) জাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

হাইওয়ে পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলা সদর থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক (টমটম) হারবাং স্টেশনের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি হারবাং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ইজিবাইকের পাঁচ আরোহী আহত হন। পরে সেনাসদস্যরা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছয় মাস বয়সী শিশু আরহামকে মৃত ঘোষণা করেন।

 

নিহত শিশু আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় আহতরা হলেন, শিশুটির মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), বোন আরিশা জান্নাত (৩), খালা উর্মী আক্তার এবং হারবাংয়ের মহাজনপাড়া এলাকার বাসিন্দা ও ইজিবাইক চালক জাফর আলম। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

অন্যদিকে, একই দিন দুপুরে মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।

 

নিহত মাহবুবুর রহমানের ছেলে আবদুল আজিজ জানান, তার বাবা সৌদি আরবপ্রবাসী ছিলেন এবং তিন মাস আগে ছুটিতে দেশে আসেন। রোববার সকালে মোটরসাইকেল নিয়ে চকরিয়ায় এক বন্ধুর কাছে যাওয়ার পথে উত্তর হারবাং এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।

 

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক জাকিবুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে পৃথক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


ডিবিসি/এমকেএ

আরও পড়ুন