আন্তর্জাতিক
ওয়েলসে নিষিদ্ধ করা হচ্ছে ১৬ বছরের কম বয়সিদের কাছে এনার্জি ড্রিংক বিক্রি

যুক্তরাজ্যের ওয়েলসে ১৬ বছরের কম বয়সিদের কাছে উচ্চ ক্যাফেনযুক্ত এনার্জি ড্রিংক বা শক্তি বর্ধক পানীয় বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। শিশু ও তরুণদের স্বাস্থ্যের ওপর এসব পানীয়ের ক্ষতিকর প্রভাবের কথা বিবেচনা করে ওয়েলস সরকার এই পদক্ষেপ নিতে যাচ্ছে।
নতুন এই প্রস্তাব অনুযায়ী, যেসব পানীয়তে প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেন রয়েছে, তা ১৬ বছরের কম বয়সিদের কাছে বিক্রি নিষিদ্ধ করা হবে। তবে চা, কফি এবং ডায়েট কোকের মতো কম ক্যাফেনের পানীয় এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। অতিরিক্ত ক্যাফেন গ্রহণের ফলে মাথাব্যথা, ঘুমের সমস্যা, হৃদ্স্পন্দন দ্রুত হওয়া এবং দুশ্চিন্তার মতো বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
কার্ডিফের ১৭ বছর বয়সি ভিলি নামের এক তরুণী এই প্রস্তাবিত নিষেধাজ্ঞার বিষয়ে বলেছেন, ‘আমি এ নিয়ে বেশ খুশি।’ অন্যদিকে ১৬ বছর বয়সি সানি এনার্জি ড্রিংকের পরিবর্তে মানুষদের ‘শুধু একটি কফি খাওয়ার’ পরামর্শ দিয়েছেন।
কার্ডিফের পুষ্টিবিদ ও ডায়েটিশিয়ান আইস্লিং পিগট এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এটি হয়তো ‘১০ বছর দেরিতে’ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেছেন, ‘যেহেতু আমি একজন ডায়েটিশিয়ান, তাই এই পানীয়গুলোর অতিরিক্ত সেবন নিয়ে আমার উদ্বেগ হলো, এগুলো খাওয়ার সময় তারা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। পুষ্টিকর ও সুষম খাবারের পরিবর্তে শিশুরা শক্তি পাওয়ার সহজ মাধ্যম হিসেবে এগুলোতে থাকা চিনি ও ক্যাফেন ব্যবহার করছে।’
ওয়েলসের জনস্বাস্থ্য ও প্রতিরোধবিষয়ক মন্ত্রী নেরিস ইভান্স এক লিখিত বিবৃতিতে বলেছেন, ‘শিশুদের মধ্যে উচ্চ ক্যাফেনযুক্ত এনার্জি ড্রিংক পানের সাথে নেতিবাচক স্বাস্থ্যগত ফলাফলের একটি যোগসূত্র রয়েছে বলে নতুন প্রমাণ মিলছে।’ তিনি আরও বলেন, ‘এর মধ্যে রয়েছে ঘন ঘন মাথাব্যথা, মেজাজ খিটখিটে হওয়া, ক্লান্তি ও পেটব্যথা, ঘুমের সময় ও মান কমে যাওয়া এবং মানসিক চাপ, দুশ্চিন্তা ও বিষণ্ণতার ঝুঁকি বৃদ্ধি পাওয়া।’
এদিকে ব্রিটিশ সফট ড্রিংকস অ্যাসোসিয়েশন এই প্রস্তাবকে অপ্রয়োজনীয় ও জোরালো প্রমাণের অভাব বলে দাবি করেছে। তাদের মতে, ২০১০ সাল থেকে তাদের সদস্যরা ১৬ বছরের কম বয়সিদের কাছে এনার্জি ড্রিংক বাজারজাত বা প্রচার করে না। এছাড়া উচ্চ ক্যাফেনযুক্ত প্রতিটি পানীয়তেই ‘শিশুদের জন্য সুপারিশকৃত নয়’ এমন সতর্কবার্তা লেবেল সাঁটানো থাকে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসভিএন