ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত হয়ে নিহত ৪, আহত অন্তত ৮৮

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত হয়ে নিহত ৪, আহত অন্তত ৮৮

আন্তর্জাতিক

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত হয়ে নিহত ৪, আহত অন্তত ৮৮

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

মিশরের গিজা শহরের কাছে দুটি ট্রেনের মুখোমুখি বা পেছন থেকে ধাক্কা লাগার মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং অন্তত ৮৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে খাদের নিচে পড়ে যায়। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে অন্তত ৭২টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নিহতদের মধ্যে একজন ট্রেনচালকও রয়েছেন।


দুর্ঘটনার পর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এক বার্তায় বলেছেন, ‘আমি অত্যন্ত উদ্বেগের সাথে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং অবহেলার সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে আমি সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাসমূহকে নির্দেশ দিয়েছি।’


এদিকে আহতদের সামলাতে আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। গিজা ও উচ্চ মিশর অঞ্চলের মধ্যকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আল-আইয়াত এলাকার কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মাঝের অংশে এই দুর্ঘটনা ঘটে। এর আগে ২০০২ সালে এই আল-আইয়াত অঞ্চলেই মিশরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আগুন লেগে ৩৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন