ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ, জাতীয়

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাসস

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।

আজ রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে জনগণের কাছে কেবল আদেশ-নির্দেশ নয়, বরং মানবিক আচরণও প্রত্যাশিত। তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘একাডেমিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জীবনে সেই জ্ঞান প্রয়োগের কলাকৌশল আপনারা প্রশিক্ষণের মাধ্যমে শিখেছেন। এখন সরকারি প্রশাসনে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সেই অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটাতে হবে।’ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে কাজের ধরন ভিন্ন হলেও সবার মূল পরিচয় যে তারা জনপ্রশাসনের কর্মকর্তা এবং মূল দায়িত্ব জনগণের সেবা করা, সেকথাও স্মরণ করিয়ে দেন তিনি।


নির্মোহভাবে নাগরিক সেবায় আত্মনিয়োগ করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জীবনের প্রয়োজনে প্রত্যেকেরই কখনো না কখনো অন্যের সহযোগিতার প্রয়োজন হয়। নিজেরা অন্যের কাছ থেকে যে ধরনের ব্যবহার প্রত্যাশা করেন, সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গেও ঠিক তেমন আচরণ করতে হবে।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো নাগরিকের আবেদনপত্রে ভুল থাকলে শুধু তা জানিয়ে ফিরিয়ে না দিয়ে, ভুলটি সুনির্দিষ্টভাবে দেখিয়ে দেওয়া এবং সংশোধনের পথ বাতলে দেওয়া উচিত। এটিই প্রকৃত মানবিকতা ও আন্তরিকতা।


প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো রাজনৈতিক দলের প্রতি কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকতেই পারে, তবে সেই সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।’ বর্তমান সরকার জনগণের রায়ে বিজয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নের কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় পাওয়া সেই ইশতেহার বাস্তবায়নে প্রশাসনিক দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে। একই সঙ্গে পছন্দের পদে পদায়ন কিংবা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করে যেকোনো স্থানে দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকাকেই তিনি পেশাদারিত্বের আসল পরিচয় বলে উল্লেখ করেন।


প্রশাসনে দীর্ঘসূত্রতা কমিয়ে সেবা সহজ করার পাশাপাশি চারপাশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও নবীন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন