ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা

বিবিধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫২ মিনিট আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে নির্মিত হতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী দেবী সরস্বতীর প্রতিমা। রবীন্দ্র ভবনের পূর্বাংশে কংক্রিট দিয়ে নির্মিতব্য এই প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায়। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোগ নেয়া হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ সময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল, হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, হল সংসদের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দিয়েই তাদের ইচ্ছা পূরণে উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিমার নির্মাণকাজ যাতে দ্রুততার সঙ্গে এবং সঠিক মান বজায় রেখে সম্পন্ন করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।


তিনি আরও বলেন, আমরা সবাই মিলে একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। সবাই সমান অধিকার নিয়ে কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।


জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, ৩০ ফুট উচ্চতার কংক্রিটের এই প্রতিমাটি নির্মিত হলে এটি হবে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা। প্রতিমাটির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম অন্তর্ভুক্ত করা যায় কি না, সেই চেষ্টাও করা হবে। এ জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হবে বলে জানান তিনি।


হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সুদীপ্ত প্রামাণিক বলেন, দীর্ঘদিন ধরে জগন্নাথ হলের শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল একটি স্থায়ী সরস্বতী প্রতিমা নির্মাণের। গত দেড় বছর ধরে হলের দেড় হাজারের বেশি শিক্ষার্থীর গণস্বাক্ষর সংগ্রহ করেছেন তারা। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে আজ প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করেছে।


এর আগে, রবিবার দুপুরে শাস্ত্রীয় বিধান অনুযায়ী প্রতিমা স্থাপনের ভিত্তিপূজা অনুষ্ঠিত হয়। এদিকে প্রতিমাটির নকশাও ইতিমধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। প্রতিমাটির মূল ডিজাইনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিল্পী স্বপন পাল।


উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইন্দোনেশীয় দূতাবাসের সামনে ১৬ ফুট উচ্চতার একটি স্থায়ী দেবী সরস্বতীর প্রতিমা রয়েছে। ২০১৩ সালে স্থাপিত এই প্রতিমাটি ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উপহার দেয়া হয়েছিল। জগন্নাথ হলে নির্মিতব্য ৩০ ফুট উচ্চতার প্রতিমাটি উচ্চতার দিক থেকে ওই প্রতিমাকে ছাড়িয়ে যাবে। নির্মাণকাজ শেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করার পরিকল্পনা রয়েছে হল কর্তৃপক্ষের।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন