বাংলাদেশ, সারা বাংলা
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ২টি পিস্তলসহ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে এই অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সানাউল্লাহর বসতঘরে এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দুটি নম্বরবিহীন ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, একটি স্টিলের চাকু, একটি লোহার দা এবং একটি সবুজ রঙের হেক্সো ব্লেড উদ্ধার করা হয়।
এ ছাড়া ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, সিমবিহীন সিম কার্ডের আটটি কাভার, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি, ইউএনএইচসিআরের দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড, বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের একটি ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো রঙের বুট উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা চার রাউন্ড গুলির মধ্যে ৭.৬৫ বোরের পিস্তলের তিন রাউন্ড এবং একনলা বন্দুকের এক রাউন্ড গুলি রয়েছে। তবে যৌথ বাহিনীর এই অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতগুলোর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসী তৎপরতা, অবৈধ অস্ত্রের বিস্তার, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। নয়াপাড়া ক্যাম্পে এই যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনাকে ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
ডিবিসি/এসভিএন