বাংলাদেশ, সারা বাংলা
যশোরে চালককে ছুরিকাঘাত করে মোটর ভ্যান ছিনতাই, গুরুতর আহত চালক

যশোরের কেশবপুরে এক মোটর ভ্যানচালককে পিঠে ছুরিকাঘাত করে তার ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই চালককে উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রেফার করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা ছোটগ্রাম এলাকায় গড়ভাঙ্গা রোডের সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিনের বাড়ি সংলগ্ন সড়কে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ভ্যানচালকের নাম রেজাউল (৪৮)। তিনি কেশবপুর উপজেলার ভোগতী গ্রামের আনছার সরদারের ছেলে।
ঘটনাস্থলের পাশের বাসিন্দা মো. ইমরানউজ্জামান জানান, রবিবার সন্ধ্যায় বাড়ির বাইরে তারা মানুষের চিৎকার ও চেঁচামেচির শব্দ শুনতে পান। বাইরে বের হয়ে দেখেন, এক বয়স্ক ব্যক্তি পিঠে ছুরিকাহত অবস্থায় দৌড়াদৌড়ি করছেন এবং তার সবকিছু শেষ হয়ে গেছে বলে চিৎকার করছেন। পরে স্থানীয় সাবেক চেয়ারম্যানসহ এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা মিন্টু হোসেন নামের আরেক ভ্যানচালক জানান, তিনি বাজারে থাকাকালীন ঘটনার কথা শুনে ছুটে আসেন। তিনি বলেন, 'অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক আগে ভুক্তভোগী চাচা আমাকে বলেন- বাবা, তোমাদের এলাকায় এসে আমার ভ্যানটা নিয়ে নিয়েছে আর আমার পিছনে ছুরি মেরেছে। এরপরই তিনি অজ্ঞান হয়ে যান। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তিনি বলে যেতে পারেননি।'
গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক রেজাউলকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. শিমুল হালদার তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে রোগীর পিঠের ক্ষত গুরুতর ও আশঙ্কাজনক হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাকে খুলনা ২৫০ বেড হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান হাফিজ জানান, পুলিশ ছিনতাইয়ের বিষয়টি অবগত হয়েছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে তা বিস্তারিত জানার জন্য ইতিমধ্যে ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে তিনি নিশ্চিত করেন।
জীবিকার একমাত্র সম্বল মোটর ভ্যানটি হারিয়ে ভুক্তভোগীর পরিবার দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং ছিনতাই হওয়া মোটর ভ্যানটি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
ডিবিসি/এসভিএন