আন্তর্জাতিক
মার্কিন কারাগারে কোরআন-বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে বিচারের অপেক্ষায় আছেন। আর এই বন্দিজীবনে তিনি পুরোপুরি ধর্মীয় অধ্যয়নে মন দিয়েছেন। বাইবেল ও কোরআন পড়ার পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মযাজকদের সাথেও নিয়মিত সাক্ষাৎ করছেন বলে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে।
চলতি বছরের ৩ জানুয়ারি কারাকাসে যুক্তরাষ্ট্রের এক অভিযানের পর মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসা হয়। এরপর থেকেই তারা ফেডারেল হেফাজতে রয়েছেন।
গত ৮ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে মূলত মাদুরোর আইনি লড়াইয়ের চেয়ে তার কারাগারের রুটিনকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। তার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, মাদুরো এখন ধর্মীয় গ্রন্থ পাঠ এবং যাজকদের সাথে আধ্যাত্মিক আলোচনা করেই সময় পার করছেন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সাবেক এই প্রেসিডেন্ট ‘আত্মিক এক যাত্রায় নেমেছেন’ এবং ‘বাইবেল ও কোরআনসহ পড়ার পেছনেই তার বেশির ভাগ সময় কাটছে।’
আধ্যাত্মিকতার প্রতি মাদুরোর দীর্ঘদিনের আগ্রহের কথা উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, তিনি কারাগারে ধর্মযাজকদের সাথে দেখা করেছেন, যার মধ্যে ‘একজন যাজক ও একজন রাব্বি’ রয়েছেন। তবে এসব সাক্ষাতের মূল বিষয়বস্তু কী ছিল, বা এগুলো নিছকই ধর্মীয় নাকি আইনি আলোচনা- তা ওই প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে কারাগারে থাকা অবস্থায় মাদুরোর শারীরিক অবস্থারও বেশ পরিবর্তন হয়েছে। সূত্র জানিয়েছে, তিনি ‘অনেক ওজনও হারিয়েছেন’। কারাবাসের এই সময়ে তিনি ‘সাম্প্রতিক মাসগুলোতে আগের চেয়ে অনেক বেশি শুকিয়ে গেছেন এবং খাবার নিয়ে অভিযোগ করছেন।’ তার খাদ্যাভ্যাস সম্পর্কে জানেন এমন দুজন ব্যক্তি টাইমসকে বলেছেন, ‘কারাগারে নিম্নমানের খাবারের কারণেই সম্ভবত তার ওজন কমার হার ত্বরান্বিত হয়েছে’। তবে প্রতিবেদনে তার স্বাস্থ্যের কোনো স্বাধীন ডাক্তারি মূল্যায়নের কথা উল্লেখ করা হয়নি।
গত জানুয়ারিতে মার্কিন বাহিনী তাকে আটক করার পর থেকেই ব্রুকলিনের ওই বন্দিশালায় দিন কাটছে তার। ম্যানহাটনের আদালতে ইতিমধ্যে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
ডিবিসি/এসভিএন