ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ফ্রান্সের আন্দোলন ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১টি দেশে

ফ্রান্সের আন্দোলন ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১টি দেশে

আন্তর্জাতিক

ফ্রান্সের আন্দোলন ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১টি দেশে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ফ্রান্সে শুরু হওয়া জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদ এখন ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপে। মধ্য সেপ্টেম্বর থেকে শুরু করে ইউরোপের ৩১টি দেশে ১ হাজার ৭০০-এরও বেশি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স।

প্রায় দুই মাস আগে ফ্রান্সে জরাজীর্ণ শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের প্রতিবাদে স্কুল শিক্ষার্থীরা প্রথম রাস্তায় নেমে আসে। ধীরে ধীরে এই আন্দোলনটি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, জ্বালানির উচ্চমূল্য এবং আবাসন সংকটের প্রতিবাদে রূপ নেয়, যেখানে যোগ দেয় ট্রেড ইউনিয়ন এবং ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা। শনিবারের সর্বশেষ বিক্ষোভে সারা দেশে প্রায় দেড় লাখ মানুষ অংশ নেয়। পুলিশ কিছু কিছু স্থানে কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।


বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। বিক্ষোভকারীদের ওপর ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ জাতিসংঘ। চারজন মানবাধিকার বিশেষজ্ঞ এক বিবৃতিতে বলেছেন, ‘গ্রেপ্তার ও আটকের মাত্রা, যা মূলত অপ্রাপ্তবয়স্কসহ কয়েক হাজার মানুষকে প্রভাবিত করছে, তা অসামঞ্জস্যপূর্ণ এবং বিক্ষোভকারীদের তাদের মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করতে বাধা দিচ্ছে।’


আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্যমতে, ফ্রান্সে গত দেড় মাসে প্রায় ১ হাজার ২০০টি বিক্ষোভ ও দাঙ্গা হয়েছে। এই আন্দোলনের প্রভাব এখন ইউরোপের অন্যান্য দেশেও দেখা যাচ্ছে। স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। ইতালিতেও জীবনযাত্রার ব্যয় এবং আবাসন সমস্যা নিয়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। পর্তুগালেও কম মজুরি ও আবাসন সমস্যার প্রতিবাদে হাজারো মানুষ মিছিল করেছে।


এসিএলইডি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিওনাদ রালেই জানিয়েছেন, গত পাঁচ বছরে ফ্রান্সে প্রতিদিন গড়ে ২০.৫টি বিক্ষোভ হতো। কিন্তু বর্তমান আন্দোলন চলাকালে তা লাফিয়ে ৬৫টির বেশি হয়ে দাঁড়িয়েছে, যা স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি। তিনি আরও বলেন, ‘সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সংঘাতের মাত্রা। প্রায় এক-চতুর্থাংশ ঘটনা, অর্থাৎ ২৪.২ শতাংশ দাঙ্গায় পরিণত হয়েছে, যা আগের আন্দোলনগুলোর তুলনায় অনেক বেশি।’


এইচইসি প্যারিস বিজনেস স্কুলের অধ্যাপক আলবার্তো আলেমান্নো আল জাজিরাকে জানান, ফ্রান্স এই আন্দোলনের কেন্দ্রবিন্দু হলেও, অন্যান্য দেশে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ার লক্ষণ স্পষ্ট।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন