ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন আইগনার

জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন আইগনার

আন্তর্জাতিক

জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন আইগনার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বাভারিয়ান রাজনীতিক ইলসে আইগনারকে মনোনয়ন দিতে যাচ্ছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। সবকিছু ঠিক থাকলে তিনিই হতে যাচ্ছেন জার্মানির ইতিহাসের প্রথম নারী রাষ্ট্রপ্রধান। গত রবিবার (৮ নভেম্বর) মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে চ্যান্সেলর এই ঘোষণা দেন।

ইলসে আইগনার বর্তমানে বাভারিয়ান রাজ্য সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মূলত সিডিইউ-এর সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সোমবার সিডিইউ এবং সিএসইউ-এর যৌথ বৈঠকে তার মনোনয়ন চূড়ান্ত হলে প্রেসিডেন্ট হিসেবে তার নির্বাচিত হওয়ার বিষয়টি একরকম নিশ্চিত হয়ে যাবে। জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, জোট সরকারে থাকা দলগুলোকে প্রেসিডেন্ট পদে একক প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। বর্তমান জোট সরকারে থাকা সিডিইউ, সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)- সবাই মিলে এই সিদ্ধান্ত নেবে। তবে এসপিডি আগে থেকেই আইগনারের প্রতি তাদের সমর্থন জানিয়ে আসছে।


আগামী ৩০ জানুয়ারি ফেডারেল কনভেনশনের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ারের উত্তরসূরি বেছে নেয়া হবে। সোশ্যাল ডেমোক্র্যাট নেতা স্টেইনমায়ার ২০১৭ সাল থেকে এই পদে রয়েছেন এবং ২০২৭ সালের মার্চে তার টানা দুই মেয়াদের সময়সীমা শেষ হবে।

 

জার্মানিতে প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক। বিলে স্বাক্ষর করা এবং আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের নিয়োগ দেয়া তার প্রধান কাজ। তবে তিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে একজন নিরপেক্ষ বিচারক ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।


চলতি বছরের শুরুতেই আইগনারের নাম প্রস্তাব করেছিল তার দল সিএসইউ। কিন্তু চ্যান্সেলর মার্জ তখন বিকল্প কাউকে ভাবছিলেন বলে সিডিইউ তাকে সমর্থন দেয়নি। এ নিয়ে দল দুটির মধ্যে কিছুটা টানাপোড়েনও তৈরি হয়েছিল।

 

৬১ বছর বয়সী আইগনার স্থানীয় রাজনীতি দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন এবং ১৯৯৮ সালে প্রথমবারের মতো ফেডারেল সংসদে নির্বাচিত হন। পরবর্তীতে সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সরকারে কৃষিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। এরপর ২০১৮ সালে নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে গিয়ে রাজ্য সংসদের স্পিকার নির্বাচিত হন আইগনার।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন