আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ সঠিক ছিল: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার সিদ্ধান্তকে সমর্থন করে একে সঠিক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। ফ্লোরিডায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ট্রাম্প ‘পারমাণবিক ইরান’-এর মতো একটি ‘খুবই বাস্তব হুমকি’ চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, যদিও এই পদক্ষেপ খুব একটা জনপ্রিয় ছিল না।
রুবিও বলেন, ‘দেশের জন্য সঠিক কাজ করা এবং নিরাপত্তার স্বার্থে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করা অনেক সময়ই হয়তো জনপ্রিয় হয় না, কিন্তু তা প্রয়োজনীয়। আর তিনি ঠিক এই কাজটিই করেছেন।’ এই শীর্ষ মার্কিন কূটনীতিকের মতে, অতীতের অন্য প্রেসিডেন্টরা যা করতে ব্যর্থ হয়েছেন, ট্রাম্প সেটিই করে দেখিয়েছেন।
পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি আশা করব এ বিষয়ে দ্বিদলীয় স্বীকৃতি থাকবে। পারমাণবিক শক্তিধর দেশ ইরান যুক্তরাষ্ট্রের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বিপজ্জনক। এটি শুধু ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের জন্যই নয়, বরং পুরো বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের জন্যও চরম হুমকিস্বরূপ।’
তবে তেহরান শুরু থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার কথা দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাও (আইএইএ) জানিয়েছে, ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পিত চেষ্টা করছে, তার কোনো প্রমাণ তারা পায়নি।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসভিএন