আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। সিলেটের গোলাপগঞ্জের এই সন্তান প্রায় এক বছরের দীর্ঘ আইনি লড়াই, ৩৭টি অগণিত ব্যালট এবং আদালতের নির্দেশনার মতো সব বাধা পেরিয়ে অবশেষে মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশি-আমেরিকানরা তার এই বিজয়কে এক ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন।
গত ৮ নভেম্বর, রবিবার হ্যামট্রামেক হাইস্কুল অডিটোরিয়ামে তাকে শপথবাক্য পাঠ করান মিশিগানের ৩১তম ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যালেক্স জি স্কার্ট। শপথ গ্রহণ অনুষ্ঠানে স্টেট সিনেটর স্টেফানি চ্যাং, সিটি ম্যানেজার, কাউন্সিলরসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশি সংস্কৃতিও চমৎকারভাবে তুলে ধরা হয়।
মুহিত মাহমুদের এই বিজয়ের পেছনের গল্পটা বেশ নাটকীয়। ২০২৫ সালের নির্বাচনে প্রথমে ১১ ভোটের ব্যবধানে অ্যাডাম আলহারাবিকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। কিন্তু নির্বাচনের পরদিনই সিটি ক্লার্কের কার্যালয়ে ৩৭টি গণনা না হওয়া অ্যাবসেন্টি ব্যালট পাওয়া যায়। এসব ভোট গণনার দাবিতে আদালতের দ্বারস্থ হন মুহিত।
অবশেষে দীর্ঘ এক বছরের আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে গত ১৬ অক্টোবর ভোটগুলো গণনা করা হয়। এতে মুহিতের পক্ষে যায় ২৯টি ভোট। সব মিলিয়ে তার প্রাপ্ত ভোট দাঁড়ায় ২ হাজার ৮৯-তে। অন্যদিকে অ্যাডাম আলহারাবি পান ২ হাজার ৭৭ ভোট। ফলে মাত্র ১২ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মুহিত।
এরপর গত ৩০ অক্টোবর আদালত মেয়র পদে তার দায়িত্ব পালনের যোগ্যতা নিশ্চিত করেন এবং ৪ নভেম্বর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুমোদন করে। শপথ নেয়ার পর এক প্রতিক্রিয়ায় মুহিত মাহমুদ বলেন, ‘শহরের ঐক্য, উন্নয়ন ও সব কমিউনিটিকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’ তার এই শপথ গ্রহণ মিশিগানের বাংলাদেশি-আমেরিকানদের জন্য একটি স্মরণীয় অধ্যায়। এখন সবার প্রত্যাশা- সব রাজনৈতিক বিতর্ক পেছনে ফেলে ঐক্য, উন্নয়ন ও জনকল্যাণে নতুন মেয়র কার্যকর ভূমিকা রাখবেন।
ডিবিসি/এসভিএন