জাতীয়
ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে সরকার কাজ করছে: রাষ্ট্রপতি

গত দেড় দশকে দেশের ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান বর্তমান সরকার নতুন করে পুনর্গঠনে কাজ করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন সকালে এআইইউবি-এর প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যায়। সাক্ষাৎকালে গত ১৫ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, সরকার তা নতুন করে ঢেলে সাজানোর কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় এআইইউবি-এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সার্বিক কার্যক্রম এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরা হলে রাষ্ট্রপতি তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে তাদেরকে আশ্বস্ত করেছেন। এ সময় বঙ্গভবনে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/পিআরএএন