বাংলাদেশ, বাণিজ্য
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামোয় ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে শিক্ষানবীশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরা হয়। বৈঠকে শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করেন বাবুল আখতার।
শ্রমিকপক্ষের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত জানাতে মজুরি বোর্ডের কাছে সাত দিনের সময় চায় মালিকপক্ষ। তবে তাদের সাত দিনের পরিবর্তে চার দিনের সময় দিয়েছে বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাবের বিষয়ে মালিকপক্ষকে নিজেদের অবস্থান জানাতে হবে।
এদিকে বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি অভিযোগ করেন, বেতন পরিশোধ করার পরও সাতটি কারখানার শ্রমিকরা এদিন কাজে যোগ দেননি। বিষয়টি বৈঠকে তুলে ধরেন মালিকপক্ষের প্রতিনিধিরা।
বৈঠক শেষে জানানো হয়, তৈরি পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে। তবে নতুন কাঠামো অনুযায়ী নির্ধারিত বেতন শ্রমিকরা হাতে পাবেন আগামী জানুয়ারি মাসে।
অন্যদিকে শ্রমিকদের জন্য ‘গ্রহণযোগ্য’ বেতন কাঠামো নির্ধারণের দাবিতে সোমবার দুপুরে মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা চলাকালে সংগঠনগুলো এ কর্মসূচি পালন করে।
শ্রমিকপক্ষের আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপনের পর এখন মালিকপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে মজুরি বোর্ডের পরবর্তী কার্যক্রম। চার দিনের সময়সীমার মধ্যে মালিকপক্ষের অবস্থান জানানোর কথা রয়েছে।
ডিবিসি/এসএফএল