ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ ৩ মামলায় আসামি শতাধিক, আটক ৬

টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ ৩ মামলায় আসামি শতাধিক, আটক ৬

সারা বাংলা

টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ ৩ মামলায় আসামি শতাধিক, আটক ৬

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৯ই নভেম্বর ২০২৬ ০৩:৫৩:৪৫ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানকালে মানবপাচারকারীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ৯৫ জনকে এজাহারনামীয় এবং আরও ৫২ থেকে ৫৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে আটক ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রাখে একটি সশস্ত্র মানবপাচারকারী দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে পাচারকারীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অবস্থায় তাঁকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযানস্থল থেকে দুটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ছয়জনকে আটক করে যৌথ বাহিনী।

 

পরবর্তীকালে ৮ নভেম্বর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর ৩৪/৬৯৬) দায়ের করেন। এ মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে।

 

অন্যদিকে, টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এর মধ্যে মানবপাচার মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন এবং অস্ত্র মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সেনা সদস্য নিহতের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা করা হয়েছে। এছাড়া অভিযানস্থল থেকে আটক ছয়জনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

ডিবিসি/ এমকেএ

আরও পড়ুন