আন্তর্জাতিক, আমেরিকা
ট্রাম্পের পোস্টে মোদির নাম আনতে মাসে ৭৫ হাজার ডলার খরচ দিত ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টের নেপথ্যে ছিল যুক্তরাষ্ট্রের একটি লবিং প্রতিষ্ঠান। মার্কিন সরকারের নথিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
ভারত সরকারের হয়ে কাজ করা প্রতিষ্ঠানটির নাম ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’। প্রতি মাসে ৭৫ হাজার ডলারের চুক্তিতে প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফারা) আওতায় জমা দেওয়া নথিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত জুনে ভারতের সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের পোস্টটি আয়োজন করেছিল তারা।
প্রতিষ্ঠানটির সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা। ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট ছিলেন।
এদিকে ট্রাম্পের সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন ‘এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি’ জানিয়েছে, গত মে ও জুনে ভারত সরকার এবং হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আটটি ফোনালাপের ব্যবস্থা করেছিল তারা।
২০২৫ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয় ভারত। মাসিক দেড় লাখ ডলারের চুক্তিটি চলতি বছরের এপ্রিলে আরও এক বছরের জন্য বাড়ানো হলেও ২৩ জুন বাতিল করা হয়। মিলার ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মী হিসেবে যোগ দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নথি অনুযায়ী, এসব যোগাযোগে ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং ছিলেন।
সূত্র: দ্য ওয়্যার
ডিবিসি/এসএফএল