আন্তর্জাতিক, পাকিস্তান
পাকিস্তানে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নারী টিভি উপস্থাপকের মৃত্যু

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় নারী টেলিভিশন উপস্থাপক রাবিয়া আহসানের (৪১) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) গুলশানাবাদ এলাকার বাসায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় দেশটির সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
রাবিয়া আহসান এর আগে জ্যেষ্ঠ সাংবাদিক আমির মতিন ও রউফ ক্লাসরার সঙ্গে একটি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপনা করতেন।
রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান সুখেরা জানান, রাবিয়ার ঘাড়ের নিচে গুলির ক্ষত পাওয়া গেছে। তার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
পরে সদর বেরুনি থানায় পাকিস্তান দণ্ডবিধির ৩০২ ধারা এবং পাঞ্জাব অস্ত্র সংশোধনী অধ্যাদেশের ২-এ ধারায় মামলা করা হয়।
পুলিশ জানায়, ঘটনার সময় রাবিয়ার দুই মেয়ে তাদের নানির সঙ্গে বাড়ির লনে অবস্থান করছিল। এ ঘটনায় পরিবারের একজন গৃহকর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারি জানিয়েছেন, রাবিয়ার স্বামী দাবি করেছেন, দুর্ঘটনাবশত আগ্নেয়াস্ত্র থেকে গুলি বের হয়েছিল।
সিপিও হাসান সুখেরা জানান, পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো জারদারি গভীর শোক প্রকাশ করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি গত আগস্টে রাওয়ালপিন্ডিতে ডিজিটাল মিডিয়া কর্মকর্তা হিনা জাভেদের হত্যার ঘটনাও স্মরণ করেন।
এদিকে সিনেটর শেরি রহমান হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, কোনো নারীরই জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকা উচিত নয়, বিশেষ করে নিজের বাড়িতে।
ডিবিসি/এসএফএল