বিবিধ, শিক্ষা
শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছর পর রাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা করা হয়েছে। নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোভার স্কাউট গ্রুপের উদ্বোধন ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. মঈনুল হক মঈন, স্কাউটসের ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী এবং নায়েমের উপপরিচালক আয়েশা আক্তার।
এ ছাড়া উপস্থিত ছিলেন মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল এবং এমডিসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।
বক্তারা রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন এবং নারীশিক্ষা, সৃজনশীলতা ও কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
এদিকে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দিবসটির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
ডিবিসি/এসএফএল