সারা বাংলা
মানিকগঞ্জে ক্লাসরুমে চলন্ত ফ্যান খুলে পড়ে ২ শিক্ষার্থী আহত

মানিকগঞ্জের হরিরামপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থী হলো দ্বিতীয় শ্রেণির ছাত্র আমির হামজা ও অর্ক। আমির হামজা স্থানীয় দিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। ফ্যানের পাখার আঘাতে তার নাক ও চোখে জখম হয়েছে। তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর শিক্ষার্থী অর্ককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় শ্রেণির ক্লাস চলছিল। এ সময় হঠাৎ ওপর থেকে চলন্ত ফ্যানটি খুলে শিক্ষার্থীদের পাশে পড়ে। ফ্যানের পাখার আঘাতে দুই শিক্ষার্থী আহত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম কাজল বলেন, বিদ্যালয়ের টিনশেড ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। ঘরের বিভিন্ন স্থানের টিন ভেঙে গেছে। বৃষ্টি হলেই পানি পড়ে। আগে কিছুটা মেরামত করা হলেও তাতে সমস্যার সমাধান হয়নি। ঝুঁকির মধ্যেই শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ঘরটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন।
প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করা সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রায় এক মাস আগে এটি মেরামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। আজকের দুর্ঘটনার বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। দ্রুত মেরামত করা না হলে এ ধরনের দুর্ঘটনা আবারও ঘটতে পারে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য এর আগে দুই দফায় বরাদ্দ এলেও জমিসংক্রান্ত জটিলতায় সেই অর্থ ফেরত গেছে। বিদ্যালয় প্রাঙ্গণে বন্যার্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের যৌথ জায়গায় নির্মিত ওই আশ্রয়কেন্দ্রের তিনটি কক্ষ প্রাথমিক বিদ্যালয়ের ব্যবহারের কথা থাকলেও উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ তা ব্যবহার করতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে আলোচনা করে সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে বন্যার্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র রয়েছে। বিকল্প হিসেবে সেখানে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।
ডিবিসি/এসডব্লিউএন