ডিবিসি নিউজdbcnews.tv

রাজধানী, আইন ও কানুন

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি ও বাড়তি বই নিষিদ্ধে হাইকোর্টে রিট

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি ও বাড়তি বই নিষিদ্ধে হাইকোর্টে রিট

রাজধানী, আইন ও কানুন

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি ও বাড়তি বই নিষিদ্ধে হাইকোর্টে রিট

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

প্রাথমিকের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত বইয়ের বাইরে অতিরিক্ত বাণিজ্যিক বই নিষিদ্ধ এবং প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২-সহ অননুমোদিত প্রাক-প্রাথমিক কোর্স বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে রিটটি দায়ের করেন। রিট পিটিশন নম্বর ১৫৯৩২/২০২৬।

 

রিটে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

 

রিট আবেদনে বলা হয়েছে, 'প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০' অনুযায়ী প্রাথমিক শিক্ষায় বাধাহীনভাবে ভর্তি হওয়ার অধিকার প্রতিটি শিশুর রয়েছে। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এর মাধ্যমে প্রাথমিক স্তরে শিশুদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মুখোমুখি করা হচ্ছে। রিটকারীর দাবি, এটি প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং শিশুদের মানসিক বিকাশের জন্য ক্ষতিকর।

 

এ ছাড়া রিটে অভিযোগ করা হয়েছে, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’-এর বিধান উপেক্ষা করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এনসিটিবি অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে অতিরিক্ত সহায়ক বই ও গাইড পাঠ্যভুক্ত করা হচ্ছে। এতে শিশুদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত বই বহনের কারণে তাদের শারীরিক সুস্থতা ও স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

 

রিট আবেদনে আরও বলা হয়, ‘জাতীয় শিক্ষানীতি, ২০১০’ অনুযায়ী শিশুদের জন্য এক বছরের সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। অথচ দেশের বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ নামে একাধিক অননুমোদিত শিক্ষাস্তর পরিচালনা করা হচ্ছে।

 

রিটকারীর দাবি, এসব কার্যক্রম শিশুদের ওপর অপ্রয়োজনীয় শিক্ষার চাপ সৃষ্টি করছে এবং প্রাথমিক শিক্ষাকে বাণিজ্যিকীকরণের দিকে ঠেলে দিচ্ছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, শিশুদের ওপর অতিরিক্ত শিক্ষার চাপ ও প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা সংবিধানের ১৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদে বর্ণিত অধিকার ও নীতির পরিপন্থী।

 

এ অবস্থায় প্রাথমিকের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ, এনসিটিবি অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে অতিরিক্ত বই পাঠ্যভুক্ত করা নিষিদ্ধ এবং সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক কোর্স ছাড়া প্লে, নার্সারি ও কেজিসহ অননুমোদিত কোর্স পরিচালনা কেন নিষিদ্ধ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

 

একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হয়েছে। রিট আবেদনটি শিগগিরই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন