সারা বাংলা
খাগড়াছড়ির রামগড়ে বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী আহত

খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে বিদ্যালয়টির ১৬ জন শিক্ষার্থী ও একজন সহকারী শিক্ষিকা আহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টা ৫০ মিনিটের সময় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শ্রেণিকক্ষের বাহিরে পার্শ্ববর্তী একটি গাছে বজ্রপাতের ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতে পুরো বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী আতংকিত হয়ে পড়েন। তবে ৪র্থ শ্রেণির পাশে বজ্রপাত হওয়াতে ওই শ্রেণির শিক্ষক শাহানা আফরোজসহ ১৬ জন শিক্ষার্থীর হাত-পা ও শরীরে বজ্রপাতের ঝলকানি লাগে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্ত বড়ুয়া জানান, বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। আনেকে সামান্য আহত হয়েছিলেন। শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক থাকায় সবাইকে বাড়ি পাঠিয়ে বিশ্রাম নিতে বলা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন