ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সিলেটে পুলিশের ওপর হামলা চালিয়ে উপজেলা আ. লীগ নেতাকে ছিনতাই, গাড়ি ভাঙচুর

সিলেটে পুলিশের ওপর হামলা চালিয়ে উপজেলা আ. লীগ নেতাকে ছিনতাই, গাড়ি ভাঙচুর

সারা বাংলা

সিলেটে পুলিশের ওপর হামলা চালিয়ে উপজেলা আ. লীগ নেতাকে ছিনতাই, গাড়ি ভাঙচুর

সিলেট প্রতিনিধি

ডিবিসি নিউজ

২৪ মিনিট আগে

সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করেছে হামলাকারীরা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারসংলগ্ন পরিচের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তাঁকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর থানা পুলিশ হরিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে আটক করে। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় হরিপুর বাজার পেরিয়ে পরিচের ব্রিজ এলাকায় পৌঁছালে একদল লোক সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে।

 

একপর্যায়ে হামলাকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় পুলিশ জাকারিয়া মাহমুদকে আটকের জন্য অভিযান চালায়। তাঁকে আটক করে ফেরার পথে একদল লোক পুলিশের গাড়ি আটকে হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।

 

পুলিশ সুপার আরও বলেন, হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে পুলিশকে প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এর আগেও ওই এলাকায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

তিনি জানান, হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদ ও হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন