আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন এরদোয়ান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে স্পষ্ট যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক সংঘাত শুরু হলে তার প্রভাব পুরো মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে পড়বে বলে সতর্ক করেছেন তিনি।
আজারবাইজানের বাকু সফর শেষে দেশে ফেরার পথে উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কি প্রেসিডেন্ট এসব তথ্য জানান।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার মধ্যেই এরদোয়ান ও ট্রাম্পের এই ফোনালাপ বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই আলোচনা খুব একটা আশাব্যঞ্জক নয় বলে ওয়াশিংটন ইঙ্গিত দেওয়ার পর কাতারের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে।
ফোনালাপে এরদোয়ান স্পষ্ট করেন, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন যুদ্ধের পরিণতি মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকিতে ফেলবে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালির সংকট নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, এই নৌপথের অস্থিরতা কেবল ইরান কিংবা পার্শ্ববর্তী দেশগুলোতেই সীমাবদ্ধ থাকবে না; বরং মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যায় জর্জরিত বিশ্বের বহু দেশও এর মারাত্মক নেতিবাচক প্রভাবে পড়বে।
ডিবিসি/এসডব্লিউএন