আবহাওয়া
কার্তিকের শেষ বিকেলে হঠাৎ বৃষ্টি, রাজধানীতে শীতের আমেজ
.webp)
কার্তিক মাসের শেষের দিকে এসে তীব্র গরমের অস্বস্তি কাটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করেই নেমেছে স্বস্তির বৃষ্টি। সোমবার (৯ নভেম্বর) দুপুর গড়িয়ে বিকেল ও সন্ধ্যায় আকাশ কালো করে নেমে আসা এই বৃষ্টিতে শীতের আগমনী বার্তা পাওয়া গেছে।
সকাল থেকেই রাজধানীতে আলো-ছায়ার লুকোচুরি খেলা চলছিল। তবে দুপুরের পর থেকেই আকাশে মেঘের ঘনঘটা শুরু হয়। এরপর বিকেল ও সন্ধ্যায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ শুরু হয় বৃষ্টি।
রাজধানীর উত্তরা, মিরপুর, বিমানবন্দর, ফার্মগেট, ধানমন্ডি ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টিতে পথচারী ও নগরবাসীর মধ্যে স্বস্তি এবং শীতের আগমনী আনন্দে উচ্ছ্বাস দেখা যায়। শুধু ঢাকাতেই নয়, পার্শ্ববর্তী গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ ছাড়াও বন্দরনগরী চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের কিছু অঞ্চলেও বৃষ্টির খবর পাওয়া গেছে।
অফিস শেষে বাসায় ফেরার পথে হঠাৎ বৃষ্টিতে আটকা পড়া আব্দুর রউফ নামে এক পথচারী বাসস-কে বলেন, ‘কয়েক দিন ধরে গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। নভেম্বরের এই সময়ে বৃষ্টি হবে, এমনটা একদম ভাবিনি। হঠাৎ বৃষ্টির এই ঠান্ডা হাওয়া মনটাকে একেবারে জুড়িয়ে দিয়েছে।’
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকার কারণে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। এই বৃষ্টির প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে গিয়ে রাতের দিকে শীতের আমেজ আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ডিবিসি/এমএনকে