আন্তর্জাতিক, ভারত
ভারতে গাড়িতে আগুন লেগে সড়কেই ঝলসে প্রাণ গেল ৬ বন্ধুর

ভারতে গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাওয়ার পথে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে আগুন ধরে গিয়ে ঘটনাস্থলেই পুড়ে ছয় যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটি প্রায় ১২০ কিলোমিটার বেগে ছুটছিল। পানিপথ-খটিমা জাতীয় মহাসড়কে মুজাফফরনগরের তিতাবি থানার অন্তর্গত জাগ্গাহেরি এলাকায় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
গাড়িটি প্রথমে একটি বিদ্যুৎতের খুঁটিতে সজোরে ধাক্কা খায়। এরপর রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে বিপরীত লেনে উল্টে যায়। দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই গাড়িটিতে আগুন ধরে যাওয়ায় ভেতর থেকে বের হওয়ার কোনো সুযোগ পাননি আরোহীরা।
দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে বিদ্যুতের খুঁটিটি মাঝখান থেকে ভেঙে দুই টুকরো হয়ে যায় এবং প্রায় ১০ মিটার রোড ডিভাইডার ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং ভেতরে থাকা ছয় আরোহীরই মৃত্যু হয়।
পুলিশ পোড়া মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ক্রেনের সাহায্যে দুর্ঘটনাবিক্ষিপ্ত গাড়িটি সরিয়ে নেয়।
ডিবিসি/এসডব্লিউএন