জাতীয়
কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিন দিনের এক সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়েন তিনি। সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
সফরের সূচি অনুযায়ী, তুরস্কের আন্তালিয়ায় পৌঁছানোর পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনের মূল আয়োজনে অংশ নেবেন। বিশ্ব নেতাদের এই জমায়েতে অংশগ্রহণের পাশাপাশি সম্মেলনের সাইডলাইনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। তিন দিনের এই সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
ডিবিসি/পিআরএএন