জাতীয়
২০২৭ সালের হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ জন

আগামী ২০২৭ সালের হজের জন্য বাংলাদেশের কোটা আরও ৫ হাজার বাড়িয়েছে সৌদি আরব। নতুন এই বরাদ্দের ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরের পর ধর্ম মন্ত্রণালয় থেকে এই আনন্দের খবরটি জানানো হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি কোটা বাড়ানোর বিশেষ অনুরোধ জানান বাংলাদেশের ধর্মমন্ত্রী। নিবন্ধনের বাড়তি চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশ মূলত ২০ হাজার কোটা বাড়ানোর আবেদন করেছিল। তবে মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে সৌদি মন্ত্রী তাৎক্ষণিকভাবে ৫ হাজার কোটা বাড়ান। পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন যে, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটায় হজযাত্রী পাঠাতে ব্যর্থ হলে বা কোনো দেশের কোটা বাতিল হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে তা বরাদ্দ দেওয়া হবে।
এর আগে আগামী বছরের জন্য বাংলাদেশের নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের সুযোগ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সেবামুখী ও স্বচ্ছ করতে কাজ করছে বলে উল্লেখ করে ধর্মমন্ত্রী সার্বিক সহযোগিতার জন্য সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
হজযাত্রীদের নিবন্ধন ও খরচের বিষয়ে জানা যায়, গত ২৭ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন আগ্রহীরা। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করে তাদের চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১-এর মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হবে ৮ এপ্রিল থেকে। জেদ্দায় অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ও সৌদি আরবের হজ এবং ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/পিআরএএন