খেলাধুলা, ক্রিকেট
১৪৯ বছরে প্রথমবার এক টেস্টেই তিনটি ৫০০ রানের ইনিংস

টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে এবার যোগ হলো এক নতুন অধ্যায়। শারজায় আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্টে তৈরি হয়েছে একাধিক বিরল রেকর্ড। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একই টেস্টে তিনটি ইনিংসে ৫০০ বা তার বেশি রান হয়েছে। পাশাপাশি প্রথম দল হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছে জিম্বাবুয়ে।
শারজায় অনুষ্ঠিত পাঁচ দিনের এই টেস্টে শুরু থেকেই ব্যাটসম্যানদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। প্রথম ইনিংসে ৫০৪ রানের বিশাল সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। জবাবে আফগানিস্তানও ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়ে তোলে ৫১৪ রান। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে।
এর মধ্য দিয়েই টেস্ট ক্রিকেটে তৈরি হয় দুটি অনন্য রেকর্ড। ১৪৯ বছরের ইতিহাসে এই প্রথম কোনো টেস্ট ম্যাচে তিনটি ইনিংসে ৫০০ বা তার বেশি রান হয়েছে। একই সঙ্গে প্রথম দল হিসেবে এক টেস্টের উভয় ইনিংসে ৫০০ রান করার কীর্তি গড়েছে জিম্বাবুয়ে।
দলীয় অর্জনের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেগ আরভিন ৪১ বছর ৮২ দিন বয়সে অপরাজিত ২০৬ রানের ইনিংস খেলেছেন। এর ফলে টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় সর্বোচ্চ বয়সী ব্যাটসম্যান হয়েছেন তিনি।
বয়সকে হার মানিয়ে আরও একটি উল্লেখযোগ্য কীর্তি গড়েছেন ব্রেন্ডন টেলর। ৪০ বছর ২৭৬ দিন বয়সে সেঞ্চুরি করে নিজের নাম লিখিয়েছেন রেকর্ডের পাতায়। এ ছাড়া ম্যাচের শেষ দিনে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়েলেসলি মাধেভেরে।
ব্যাটসম্যানদের দাপটে পুরো ম্যাচেই কঠিন সময় পার করেছেন দুই দলের বোলাররা। পাঁচ দিনে মোট সাতটি সেঞ্চুরির দেখা মিলেছে। তিন ইনিংস মিলিয়ে দুই দলের সংগ্রহ দাঁড়িয়েছে ১ হাজার ৫৪১ রান।
শেষ পর্যন্ত কোনো দলই জয় তুলে নিতে পারেনি। ড্রয়ে শেষ হয়েছে আফগানিস্তান-জিম্বাবুয়ের ঐতিহাসিক এই টেস্ট। তবে ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে ব্যাটসম্যানদের রেকর্ডগড়া পারফরম্যান্স।
জয়-পরাজয়ের নিষ্পত্তি না হলেও এক ম্যাচে তিনটি ৫০০ রানের ইনিংস এবং একই দলের দুই ইনিংসে ৫০০ পেরোনোর বিরল কীর্তির কারণে টেস্ট ক্রিকেটের ইতিহাসে আলাদা জায়গা করে নিল শারজার এই ম্যাচ।
টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে এবার যোগ হলো এক নতুন অধ্যায়। শারজায় আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্টে তৈরি হয়েছে একাধিক বিরল রেকর্ড। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একই টেস্টে তিনটি ইনিংসে ৫০০ বা তার বেশি রান হয়েছে। পাশাপাশি প্রথম দল হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছে জিম্বাবুয়ে।
ডিবিসি/ আরএফই