আন্তর্জাতিক
তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরের কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
আলিয়াগা এলাকার হাবাস দেমির চেলিক নামের ওই কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই দেশটির অন্যতম শীর্ষ ইস্পাত উৎপাদক ওই কারখানার শ্রমিক। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, মাটি কেঁপে ওঠায় প্রত্যক্ষদর্শীদের অনেকেই এটিকে প্রথমে ভূমিকম্প বলে ভেবেছিলেন। ঘটনার পরপরই কারখানায় বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
স্থানীয় গভর্নর সুলেমান এলবান জানান, দুপুরের দিকে কারখানার একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। এ সময় একটি প্রতিস্থাপন বয়লার বহনকারী ক্রেন ভেঙে নিচের চুল্লিতে পড়ে গেলে এই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। কারখানা পরিচালনাকারী কর্তৃপক্ষের এক বিবৃতিতে দুর্ঘটনার এই কারণটি নিশ্চিত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন গভর্নর।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রাথমিকভাবে ১৬ জন নিহতের খবর নিশ্চিত করেন। তবে পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোলু জানান, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন একজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিবিসি নিউজের তুর্কি বিভাগের বরাতে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় ইতিমধ্যে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আলিয়াগা মূলত ইজমির জেলার একটি প্রধান বন্দর এবং তুরস্কের অন্যতম প্রধান জাহাজ ভাঙা শিল্পের কেন্দ্র। এখানকার এমন একটি বৃহৎ কারখানায় ঘটা এই দুর্ঘটনা দেশটির কর্মক্ষেত্রে নিরাপত্তার ঘাটতিকে আবারও সামনে এনেছে। স্বাধীন নাগরিক অধিকার সংগঠন ‘টার্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ’ জানিয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা এখনও একটি দীর্ঘস্থায়ী ও গুরুতর সমস্যা হিসেবে রয়ে গেছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/পিআরএএন