ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

লালমনিরহাটে

ছিনতাইকারীর হাত থেকে অটোচালককে বাঁচাতে গিয়ে ৫ পুলিশ আহত, শ্রমিকদল নেতা আটক

ছিনতাইকারীর হাত থেকে অটোচালককে বাঁচাতে গিয়ে ৫ পুলিশ আহত, শ্রমিকদল নেতা আটক
লালমনিরহাটে

ছিনতাইকারীর হাত থেকে অটোচালককে বাঁচাতে গিয়ে ৫ পুলিশ আহত, শ্রমিকদল নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

লালমনিরহাটে ছিনতাইকারীদের কবল থেকে এক অটোরিকশাচালককে উদ্ধারের পর পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে নারী পুলিশ সদস্যসহ ৫ পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড়বাড়ী ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অপুকে (৩৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, এ বিষয়ে অটোচালক বাদী হয়ে একটি ছিনতাই মামলা করেছেন এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর একটি মামলা দায়ের করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটক রফিকুল ইসলাম অপু সদর উপজেলার সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন এবং কনস্টেবল মামুন, লিটন ও শাহনাজ আক্তার।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অটোরিকশাচালক এরশাদুল হক কুলাঘাট বাজার থেকে বড়বাড়ীর দিকে যাচ্ছিলেন। টিকটিকির বাজার এলাকায় পৌঁছালে যাত্রীবেশে চার ব্যক্তি তাঁর অটোরিকশায় ওঠেন। পূর্ব আমবাড়ী এলাকায় পৌঁছানোর পর তারা নিজেদের ‘আলোকিত লালমনিরহাট’-এর অ্যাকশন কমিটির সদস্য দাবি করে অটোরিকশায় মাদক আছে বলে তল্লাশি করতে চান। চালক প্রতিবাদ করলে তারা তাঁকে মারধর করে অটোরিকশা ছিনিয়ে পালানোর চেষ্টা করে। চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রফিকুল ইসলাম অপুকে হাতেনাতে আটক করেন, তবে বাকি তিনজন পালিয়ে যায়। ৯৯৯-এ কল পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে অপুকে হেফাজতে নেয়।

 

পুলিশ অপুকে থানায় নিয়ে যাওয়ার পথে পূর্ব আমবাড়ী এলাকায় তাঁর অনুসারীরা পুলিশের গাড়ি থামিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার প্রস্তাব দেন। পুলিশ তা প্রত্যাখ্যান করলে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে অপুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এতে পাঁচ পুলিশ আহত হন এবং পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপুকে থানায় নিয়ে যায়।

 

বড়বাড়ী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আলেপ উদ্দিন জানান, অপুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, তবে তিনি ‘আলোকিত লালমনিরহাট’-এর কোনো সদস্য নন। ওসি সাদ আহমেদ জানিয়েছেন, অটোচালকের মামলা ছাড়াও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন