সারা বাংলা
লালমনিরহাটে গুদামঘর দখলের বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত, আহত ১

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্যারহাট এলাকায় একটি গুদামঘরের দখল নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সরবি বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনজুরে মওলা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার ভোরে উপজেলার ভুল্যারহাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুল্যারহাট এলাকায় নুরুদ্দিন মিয়ার একটি গুদামঘরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে তার ব্যবসায়িক অংশীদার আশরাফুল ইসলাম রাজুর সঙ্গে বিরোধ চলছিল। সম্প্রতি গুদামঘরের মালিক নুরুদ্দিন মিয়া ওই সম্পত্তি স্থানীয় শাহজালাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তবে ব্যবসায়িক লেনদেনের হিসাব নিষ্পত্তি না হওয়ায় আশরাফুল ইসলাম রাজু ও তাঁর পরিবার গুদামঘরটি ছেড়ে দিতে অস্বীকৃতি জানান।
এরই জেরে সোমবার দিবাগত রাতে একদল সন্ত্রাসী ওই গুদামঘরে বসবাসরত আশরাফুল ইসলাম রাজুর পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সরবি বেগম নামের ওই বৃদ্ধার মৃত্যু হয় এবং অপর এক নারী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। কালীগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/পিআরএএন