বাংলাদেশ, সারা বাংলা
বরিশালের বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে সার্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের ছাদ থেকে পড়ে সালেক মৃধা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে কালীপূজা শেষে মন্দিরের সাউন্ড সিস্টেম ও লাইটিংয়ের সাজসজ্জার সরঞ্জাম খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালেক মৃধা বাকেরগঞ্জের লিটন সাউন্ড অ্যান্ড লাইটিং প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে গত এক বছর ধরে কাজ করে আসছিলেন। কালীপূজা উপলক্ষে কালিগঞ্জ বাজারের মন্দিরে সাউন্ড ও লাইটিংয়ের দায়িত্বে ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পূজা শেষে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে মন্দিরের ছাদে ওঠেন সালেক। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ডিবিসি/এসভিএন