সারা বাংলা
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত

পিরোজপুরের কাউখালী উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী এবং এক সহকারী শিক্ষিকাকে যৌন নিপীড়নের পৃথক ঘটনায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর বিভাগীয় বিধি অনুযায়ী এ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন, কাউখালী উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল এবং ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান।
দাপ্তরিক ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে টিফিনের বিরতিতে লাইব্রেরিতে ডেকে নিয়ে শারীরিক হেনস্তা করেন সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল। শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, সেখানে তাকে আটকে রেখে অসদাচরণ ও স্পর্শকাতর স্থানে স্পর্শ করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মা গত ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার দিনই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে লিটন চন্দ্র পালকে বরখাস্ত করা হয়। এর আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ছিল।
অন্যদিকে, ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় এবং বিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির কারণে তাঁকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও অব্যাহত থাকবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান জানান, দুটি আলাদা লিখিত অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত তদন্ত সম্পন্ন করা হয়। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি / এমকেএ