খেলাধুলা, সারা বাংলা
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনের সার্বিক বিকাশ ঘটাতে প্রতিটি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন, অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ এবং আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ প্রস্তুতের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, মাঠগুলোকে আগামী ডিসেম্বরের মধ্যেই খেলার সম্পূর্ণ উপযোগী করে গড়ে তোলা হবে।
বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তোলার ব্যাপারে আগ্রহী এবং সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। মাঠ পর্যায়ে সুষ্ঠু ক্রীড়া পরিবেশ নিশ্চিত করা এবং সেখান থেকে প্রতিভাবান নতুন খেলোয়াড় তুলে আনার উদ্দেশ্যেই এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করা এবং স্থানীয় পর্যায়ের উদীয়মান ফুটবলারদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দিতে আয়োজিত এবারের টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১২টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর।
মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য এনামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।
ডিবিসি / এমকেএ