আন্তর্জাতিক, ভারত
ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ও সাবেক র-প্রধান সামন্তের নামে যুক্তরাষ্ট্র আদালতে সমন জারি

খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের নামে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর কূটনৈতিক মাধ্যমে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে সমনগুলো পৌঁছে দিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের নির্দেশে গত ৯ অক্টোবর ভারতীয় দূতাবাসে কূটনৈতিক নোট পাঠানো হয়। ২৮ অক্টোবর আদালতে জমা দেওয়া নথিতে সমন পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সমন পাঠানো সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। এর মাধ্যমে মামলার অভিযোগের সত্যতা কিংবা কোনো পক্ষের প্রতি সমর্থন প্রকাশ করা হয়নি।
নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের আইন উপদেষ্টা পান্নুনের অভিযোগ, ভারতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে হত্যার পরিকল্পনায় অজিত দোভালের ভূমিকা রয়েছে। ক্ষতিপূরণ দাবি করে তিনি যুক্তরাষ্ট্রের আদালতে মামলাটি করেন। তবে ভারত সরকার এসব অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে।
এর আগে পান্নুন হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ২০২৩ সালে প্রাগ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে হত্যার পরিকল্পনাসহ তিনটি অভিযোগে দোষ স্বীকার করেন তিনি। চলতি মাসেই তার সাজা ঘোষণার কথা রয়েছে।
এ ঘটনায় ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধেও অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। বিষয়টি তদন্তে ভারত সরকার পৃথক কমিটি গঠন করে।
পান্নুনকে হত্যাচেষ্টার অভিযোগ এবং কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত ও পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া
ডিবিসি/এসএফএল