ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের দায়ে সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের দায়ে সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

সারা বাংলা

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের দায়ে সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

যৌতুকের দাবিতে স্ত্রীকে রড ও ইট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

 

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ আদালতের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার এজাহার ও অভিযোগপত্রের সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৫ মে ইসলামী শরিয়াহ মোতাবেক তিন লাখ এক টাকা দেনমোহরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে তানিয়া আরেফিনের সঙ্গে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী প্রতাপপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে রফিকুল ইসলামের বিয়ে হয়। অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন রফিকুল।

 

এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ ডিসেম্বর ভোররাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে তানিয়াকে মারধর করেন তিনি। একপর্যায়ে রড ও ইট দিয়ে আঘাত করলে তাঁর নাকের হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এ ঘটনায় তানিয়া আরেফিন বাদী হয়ে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন।


রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১১(গ) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় ধারার সাজা একই সঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

ডিবিসি / এমকেএ

আরও পড়ুন