বাংলাদেশ, সারা বাংলা
কুমিল্লায় বিএনপির রাজনীতি নিষিদ্ধ চেয়ে স্মারকলিপি দেয়া সেই যুবলীগ নেতা কারাগারে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় হাজিরা দিতে গেলে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কুমিল্লার ২ নম্বর আমলি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাইফুল ইসলাম আলাউল আকবরের বিরুদ্ধে ২০২৫ সালের ২ নভেম্বর তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। ওই মামলায় গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত সপ্তাহে তিনি ইউনিয়ন পরিষদে আসেন। মঙ্গলবার মামলায় হাজিরা দিতে আদালতে গেলে তাকে কারাগারে পাঠানো হয়।
সাইফুল ইসলাম আলাউল আকবর স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। অতীতে কুমিল্লায় বিএনপির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দেয়ার ঘটনায় তিনি আলোচনায় এসেছিলেন।
এদিকে, দীর্ঘদিন চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকায় শিদলাই ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এবার চেয়ারম্যান কারাগারে যাওয়ায় নাগরিক সেবা কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ইউনিয়নের বিশিষ্টজনেরা।
ডিবিসি/এসভিএন