বাংলাদেশ, সারা বাংলা
চুয়াডাঙ্গায় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৭ নেতাকর্মী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গোপন বৈঠককালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার ভাংবাড়িয়া বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মৃত সুলতান রহমানের ছেলে, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু (৬৫), একই গ্রামের মোসলেম মোল্লার ছেলে মোহাম্মদ মিনারুল (৫০), আবুস উদ্দিনের ছেলে আসমাতুল্লাহ সুজন (৪২), মৃত ইকতার আলীর ছেলে রেজাউল করিম, ইসাহাক আলীর ছেলে আমারত আলি (৬০), আফতাব আলীর ছেলে লালু মন্ডল (৫৪) এবং ভোগাইল বগাদী গ্রামের মিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে আজিজুল হক (৬৪)।
পুলিশ জানায়, ভাংবাড়িয়া বাজারের আলী প্রামাণিকের চায়ের দোকানে গোপন বৈঠকে মিলিত হয়ে কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তারা। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
ডিবিসি/এসভিএন